-
সংসদ নির্বাচন হবে কি না সন্দেহ আছে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে কি না সন্দেহ আছে। অকার্যকর সংসদ জনগণ চায় না। ভবিষ্যতে দুই দলের মারামারি, কাটাকাটি ও সংঘাতের রাজনীতির কারণে গণতন্ত্র হারিয়ে যেতে পারে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার পুরান ঢাকায় দলের এক জনসভায় এ কথা বলেন তিনি।
বংশাল থানার সভাপতি হাজী মো. ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সাহিদুর রহমান টেপা, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মীর আবদুস সবুর আসুদ, জহিরুল আলম রুবেল, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, হারুনূর রশিদ বাশার প্রমুখ।
জনসভায় ডিসিসি দক্ষিণের জন্য পার্টির মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশিদকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এরশাদ। তিনি বলেন, 'দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে। মানুষ পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টিই মানুষকে শান্তি দিতে পারে।'
এরশাদ বলেন, 'যদি পরিবর্তন ও মঙ্গল চান তাহলে আমার প্রতিনিধিকে নির্বাচিত করুন। সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টির বিজয়ের যাত্রা শুরু হবে। যে দুরবস্থা চলছে, এভাবে চলতে থাকলে দেশ অচল হয়ে যাবে।'
|