|
|
|
-
হাইকোর্টে মামুন ও তার স্ত্রী খালাস
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ও তার সাবেক স্ত্রীর সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ সোমবার এ রায় ঘোষণা করা হয়।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে মামুন ও তাঁর স্ত্রীর আপিল মঞ্জুর করে এ রায় দেন।
আদালতে মামুন ও তাঁর স্ত্রীর পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
উল্লেখ্য, সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের ৫০ ব্যক্তিকে তাঁদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেওয়া ওই তালিকায় মামুনের নামও ছিল।
ওই নোটিশের জবাবে মামুন সম্পদের হিসাব দাখিল করেননি। এরপর ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার তৎকালীন স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন।
২০০৭ সালের ৮ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১১০ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৪২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় একই বছরের ২৪ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০০৮ সালের ২৭ মার্চ বিশেষ জজ আদালতের রায়ে মামুনের ১০ বছর এবং তাঁর স্ত্রীর তিন বছরের সাজা হয়।
এই সাজার বিরুদ্ধে ওই বছরই মামুন এবং ২০১০ সালে তাঁর স্ত্রী হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট আজ এ রায় দেন।
|
|
|
|