সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। জাতিসংঘের এক ঘোষণায় বৃহস্পতিবার তার পদত্যাগের ইচ্ছার কথা জানানো হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ প্রসঙ্গে বলেন কফি আনান মেয়াদ শেষ হবার পর দায়িত্ব পালন চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছেন। চলতি আগস্টের শেষে তার মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সিরিয়ার সহিংসতা অবসানের লক্ষে প্রণীত ছয় দফা শান্তি পরিকল্পনার মূল স্থপতি। প্রায় দু’বছর আগে শুরু হওয়া সিরিয়ার রক্তক্ষয়ী সহিংসতা বন্ধের লক্ষ্যে এ শান্তি পরিকল্পনা প্রণয়ন করেন তিনি।
তবে দুর্ভাগ্যজনকভাবে তার পরিকল্পনা সংঘাতে লিপ্ত উভয় পক্ষ কর্তৃক লঙ্ঘিত হয়। যার ফলশ্রুতিতে দেশটির সহিংসতা এখন ভয়াবহ রুপ ধারণ করেছে।
কফি আনানের অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তে গভীর হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে তিনি বলেন কফি আনানের এ ঘোষণায় তিনি দারুণভাবে মর্মাহত।
কফি আনানের উত্তরসূরী নির্বাচনের জন্য জাতিসংঘ মহাসচিব বর্তমানে আরব লিগ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।