চলতি বছর এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৯৭৩ জন। ১০ বোর্ডে পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৭। এবার জিপিএ ৫ পেয়েছেন ৬১ হাজার ১৬২ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ৩ দশমিক ৫৯ এবং জিপিএ ৫ প্রাপ্তি ৩ দশমিক ৯৫ শতাংশ বেশি।
ভালো ফলের দিক থেকে এবার শীর্ষে অবস্থান করছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৭। অন্যান্য বোর্ডে পাসের হার— ঢাকায় ৮১ দশমিক শূন্য ৮, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৪, যশোরে ৬৭ দশমিক ৮৭, কুমিল্লায় ৭৪ দশমিক ৬, বরিশালে ৬৬ দশমিক ৯৮ ও দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ। এ বছর ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৩ ও মেয়েদের ৭৯ দশমিক ১৯। গতবারের চেয়ে ২১ হাজার ৪০৩ জন বেশি পাস করেছেন।
২০১১ সালে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৬৯ জন। ১০টি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ছিল ৭৫ দশমিক শূন্য ৮ শতাংশ। গতবারের তুলনায় এবার উত্তীর্ণের হার ৩ দশমিক ৫৯ শতাংশ বেশি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন। ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের সার্বিক চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ৭৭। এবার মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৪ হাজার ২৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৩১৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৭৩ জন। কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নেয়া ৮৬ হাজার ৭০৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৩ হাজার ১০৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২১১ জন।
সাফল্যের শীর্ষে থাকা সিলেট বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৮। সাফল্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮। গত বছর এ পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৯ শতাংশ। আটটি সাধারণ বোর্ডের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে, ৬৬ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ।
এ বছর এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় যেসব প্রতিষ্ঠান সেরা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় এবারও রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে— রাজশাহী বোর্ডে পাবনা ক্যাডেট কলেজ, কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ, দিনাজপুর বোর্ডে রংপুর ক্যাডেট কলেজ ও সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ।
দেশের বাইরের পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৭৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬৯ জন। গড় পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছেন ৩২ জন। কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে অংশ নেয়া ৩০ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এ কেন্দ্রে জিপিএ ৫ পেয়েছেন ৮ জন। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়া ৩৬ শিক্ষার্থীর মধ্যে ৩৪ জন পাস করেছেন। আর জিপিএ ৫ পেয়েছেন পাঁচজন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়া ৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ১৩ জন। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অংশ নেয়া ৫২ পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। এ ছাড়া লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়া তিন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হননি।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন।