৫০ লাখ টাকার জাল নোটসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে রাজধানীর পোস্তগোলায় অভিযান চালিয়ে উপকরণসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবু শেখ , মো. নিয়াজ , ইমদাদুল ইসলাম ওরফে ইমন , জিতু , মো. জহিরুল ইসলাম ওরফে জহির , শিরিন আক্তার ওরফে তমা ও শাহানাজ বেগম ।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার রাতে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল পোস্তগোলার রাজবাড়ীর একটি বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশ সেখান থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ সাতজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহূত একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টারসহ প্রচুর পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জাল টাকা তৈরি ও বিক্রির সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা জিজ্ঞাসাবাদে জানায়, বাবু শেখ ও নিয়াজ জাল টাকা তৈরি করে এবং গ্রেফতার হওয়া অন্যদের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তা বিক্রি করে আসছিল।
এর আগে গত ২৭ জুলাই মুগদা থেকে কোটি টাকার জাল নোট এবং জাল নোট প্রস্তুত করার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। ঈদের আগে ঢাকায় জাল নোট চক্রের সদস্য গ্রেফতারের এটি দ্বিতীয় বড় ঘটনা।
গ্রেফতারকৃত বাবু সাংবাদিকদের জানায়, প্রতিদিন তিনি এক থেকে দেড় লাখ টাকার জাল নোট তৈরি করতেন। তবে ঈদকে সামনে রেখে তিনি প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার জাল নোট তৈরি করে আসছিলেন। এ অপরাধে তিন বছর ধরে জড়িত থাকার কথা স্বীকার করে বাবু বলেন, ‘চট্টগ্রাম থেকে বড় ধরনের অর্ডার ছিল, যা রোববার (গতকাল) সরবরাহের কথা ছিল।’
গোয়েন্দা কর্মকর্তা মোখলেছুর রহমান ঈদের এ সময়ে টাকা লেনদেনের ক্ষেত্রে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। কোনো রকম সন্দেহ হলে কাছের থানায় কিংবা গোয়েন্দা পুলিশের সহযোগিতা চাইতেও বলেন তিনি।