-
বঙ্গোপসাগরে ৫টি ট্রলারসহ আরও ৬০ জেলে অপহৃত
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে যৌথবাহিনীর অভিযান চলাকালে সোমবার ভোরে ৫টি মাছ ধরার ট্রলারসহ আরও ৬০ জেলেকে অপহরণ করেছে মর্তুজা বাহিনী।
এ নিয়ে গত ৩দিনে বঙ্গোপসাগর এলাকায় বিভিন্ন বাহিনীর হাতে ১৬০ জেলে অপহরণের ঘটনা ঘটেছে।
জেলেপল্লীর একাধিক সূত্র জানান, বঙ্গোপসাগর ও সুন্দরবনের মাঝামাঝি ভেদাখালী এলাকা থেকে সোমবার ভোরে ৫টি মাছ ধরার ট্রলারসহ ৬০ জন জেলেকে অপহরণ করেছে মর্তুজা বাহিনীর সন্ত্রাসীরা। এ ঘটনার পর থেকে জেলেপল্লী এলাকায় জেলে ও মহাজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার জেলেদের মহাজন মজিবর রহমান ও আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরের ১ নম্বর বয়া, ফেয়ারওয়ে বয়া ও ভেদাখালী এলাকায় ইলিশ মাছ ধরার সময় গত শুক্র, শনি ও সোমবার-এ ৩ দিনে প্রায় ১৬০ জেলেকে অপহরণ করেছে সাগর, মর্তুজা ও শহিদুল বাহিনী।
এর আগে শুক্রবার ৫০ জেলে অপহরণের মুল হোতা শহিদুল বাহিনীর প্রধান শহিদুলের স্ত্রী ও ছেলেকে আটক করে মংলা থানা পুলিশ।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার সাইদুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
|