-
ভোটার তালিকা হালনাগাদ ১৫ সেপ্টেম্বর থেকে
রাজধানী ঢাকায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এ জন্য ঢাকার হালনাগাদের কাজ ১৫ দিন এগিয়ে আনা হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।
নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা মহানগরে ১ অক্টোবর থেকে হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু কমিশন মনে করছে, জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে হাতে খুব বেশি সময় নেই। এ জন্য ভোটার তালিকা হালনাগাদ করার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সিইসি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একই সময়ে কাজ শুরু হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করা হবে। তিনি আরও জানান, এর আগে নতুন গঠিত রংপুর সিটি করপোরেশনে সময়সূচি এগিয়ে এনে হালনাগাদের কাজ শুরু করা হয়েছে। আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন করার জন্য এ পরিবর্তন আনা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, খুব কাছাকাছি সময়ে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাতে অনেক সময় থাকলেও কমিশন এ দুটি নির্বাচনকে কেন্দ্র করে এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে সংগত কারণে উপজেলা নির্বাচনের চেয়ে জাতীয় সংসদ নির্বাচন বেশি গুরুত্ব পাবে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ওই নির্বাচনের সব প্রস্তুতি কমিশনের ছিল। ঢাকার মানুষও নির্বাচনে অংশ নিতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ঢাকা সিটির নির্বাচন আটকে গেছে। কমিশন যেকোনো সময়ে ঢাকার নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে।
২০০ উপজেলায় ৩০ লাখ নতুন ভোটার: কমিশন সচিবালয় সূত্র জানায়, এখন পর্যন্ত সারা দেশের ২০০টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। বর্তমানে কাজ চলছে ১০৫টি উপজেলায়। এর মধ্যে ৫৫টি উপজেলার কাজ শেষ হবে ৩১ আগস্টের মধ্যে। হালনাগাদ কাজে এখন পর্যন্ত ৩০ লাখ ছয় হাজারের মতো ভোটার নিবন্ধন করা হয়েছে। ৩১ আগস্টের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪০ লাখে উন্নীত হতে পারে।
কমিশনের হিসাব অনুযায়ী, এবারের হালনাগাদে ৭০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। আরও জানানো হয়, এখন পর্যন্ত এক লাখ ১৮ হাজার ভোটার নিজেদের ভোটার এলাকা স্থানান্তর করেছেন। তিন লাখ ৭৫ হাজার মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ফটিকছড়িতে ভোট ২০ সেপ্টেম্বর: কমিশন সচিবালয় থেকে আরও জানানো হয়, নতুন গঠিত চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট মনোনয়নপত্র জমা, ২৭ ও ২৮ আগস্ট বাছাই এবং ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
|