-
ফখরুলদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলার কার্যক্রম স্থগিত
গত ২৯ এপ্রিলের হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি একটি রুলও জারি করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহম্মদ খুরশীদ আলমের হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেন।
এর আগে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হকের বেঞ্চে এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হলে একজন বিচারপতি বিব্রতবোধ করেন। পরে রিটটি বিচারপতি নাইমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে স্থানান্তর করা হয়।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের অভিযোগ (চার্জ) গঠনের পর মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুলসহ ৩৯ জন জামিনে আছেন। চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন।
|